দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পিএম
আপডেট: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পিএম
মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদের ওপর নির্মাণ হতে যাচ্ছে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে একটি সেতু। চীনের অর্থায়নে নির্মিতব্য এ সেতুর প্রকল্প এলাকায় বুধবার (৭ অক্টোবর) সরেজমিনে পরিদর্শন করেছেন চীনা প্রকৌশলীরা।
দুপুরে চীনা প্রকৌশলীদের সঙ্গে নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদাত আলী, নির্বাহী প্রকৌশলী আলী হায়দার খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরেই আড়িয়াল খাঁ নদের ওপর সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। সেতু না থাকায় সদর উপজেলার কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষকে ট্রলারে করে নদী পার হয়ে মাদারীপুর শহরে যাতায়াত করতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুম ও ঝড়-বৃষ্টির সময় এই যাত্রা হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ।
স্থানীয়দের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ায় নদী পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে। ফলে দীর্ঘদিন ধরেই একটি স্থায়ী সেতুর অপেক্ষায় রয়েছেন তাঁরা।
এলজিইডি সূত্রে জানা গেছে, সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় সমীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। চীন সরকারের সঙ্গে সেতু নির্মাণের চুক্তিও সম্পন্ন হয়েছে। এখন জমি অধিগ্রহণসহ পরবর্তী প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, ‘সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু করতে সব ধরনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। শিগগিরই জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হবে। এরপর ধাপে ধাপে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
এলজিইডির গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদাত আলী বলেন, ‘এখন তেমন কোনো জটিলতা নেই। চীন সরকারের সঙ্গে সেতু নির্মাণের চুক্তি সম্পন্ন হয়েছে। চীনা প্রকৌশলীরাও জায়গা পরিদর্শন করেছেন। খুব শিগগিরই পরবর্তী কার্যক্রম শুরু হবে।’
সংশ্লিষ্টরা বলছেন, সেতুটি নির্মিত হলে শুধু নদী পারাপারের দুর্ভোগই কমবে না, বরং মাদারীপুর শহরের সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থায়ও বড় পরিবর্তন আসবে। সহজ হবে শিক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ, ব্যবসা-বাণিজ্য এবং কৃষিপণ্য পরিবহন।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team